অর্থনীতি ডেস্ক: দেশের অফশোর ব্যাংকিং ব্যবস্থার সংস্কার ও আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নকে সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৈদেশিক মুদ্রার তহবিল ব্যবস্থাপনা উন্নত করার পাশাপাশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কম খরচে অর্থায়নের সুযোগ করে দিতে ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটকে (ওবিইউ) বৈদেশিক মুদ্রা সরাসরি কেনা-বেচা ও ক্রস-কারেন্সি সোয়াপ লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে। এর ফলে বিদেশি মুদ্রায় ঋণ ও বাণিজ্য অর্থায়নের খরচ অনেকাংশে কমে আসবে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জারি করা এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক জানায়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অফশোর ব্যাংকিং কার্যক্রমকে আরও দক্ষ ও আধুনিক করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন এই বিধিমালার অধীনে ওবিইউগুলো এখন থেকে তাদের মূল ব্যাংক শাখা (ডোমেস্টিক ব্যাংকিং ইউনিট), অন্যান্য অনুমোদিত ব্যাংক ও অফশোর ইউনিট এবং বিদেশি লেনদেনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি বিদেশি মুদ্রা কেনা-বেচা করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে যে, গ্রাহক লেনদেন সহজ করা, ডলারের তারল্য বজায় রাখা এবং মুদ্রার ঝুঁকি দক্ষতার সঙ্গে সামাল দেওয়ার উদ্দেশ্যেই এসব নমনীয়তা দেওয়া হয়েছে। তবে এই সুবিধা শুধু অনুমোদিত বাণিজ্যের প্রয়োজনীয়তা ও আনুষ্ঠানিক দেনা নিষ্পত্তির ক্ষেত্রেই কার্যকর হবে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এতদিন অফশোর ব্যাংকিংয়ে যে নানা বিধিনিষেধ ছিল, নতুন এই সিদ্ধান্তের ফলে তা অনেকটাই শিথিল হলো। এখন ওবিইউগুলো সাশ্রয়ী মূল্যে বৈদেশিক মুদ্রার তহবিল জোগাড় করতে পারবে, যা দেশের আন্তর্জাতিক বাণিজ্যে গতি আনবে এবং ব্যবসায়ীদের প্রতিযোগিতামূলক মূল্যে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ করে দেবে।




