ময়মনসিংহ প্রতিবেদক: ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের আওয়ামী লীগের সাবেক পাঁচ বারের সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
মোসলেম উদ্দিন ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রাক্তন গণপরিষদ সদস্য, জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ময়মনসিংহ-৬ থেকে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ যোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল রবিবার সকাল ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতিতে, বিকেল ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাই স্কুল মাঠে, বিকেল ৫টায় আলহাজ মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক সেলিম বলেন, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে বাবাকে ‘জাপান- বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে’ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।




