অর্থনীতি ডেস্ক: আগস্ট মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে জুলাই মাসের মতো আগামী মাসেও প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকায় বিক্রি হবে।
সর্বশেষ গত ৩১ মে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ৫ টাকা করে বাড়ানো হয়। এর আগে ১৯ এপ্রিল জ্বালানি তেলের দাম বড় আকারে বাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়।
বাংলাদেশে “জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা” জারি করা হয় ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। ওই ফর্মুলা অনুযায়ী, প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করার কথা। গেজেট অনুযায়ী, বিপিসি ও অন্যান্য প্রতিষ্ঠানের কমিশন অপরিবর্তিত থাকবে; শুধু আমদানি মূল্যের তারতম্যের কারণে প্রতি মাসে দাম কমবেশি হবে।




