ঢাকা  বুধবার, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeশিক্ষাআগুনে পুড়ে গেলো পুরো স্কুল

আগুনে পুড়ে গেলো পুরো স্কুল

খাগড়াছড়ির রামগড় উপজেলায় অগ্নিকাণ্ডে ‘কলাবাড়ী উচ্চ বিদ্যালয়’ নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল)  আনুমানিক পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেডের পুরো স্কুলঘর, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, শনিবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে স্কুলঘরের পশ্চিম পাশে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই পুরো ভবন আগুনে ভস্মীভূত হয়। এ সময় স্কুলে কেউ উপস্থিত ছিলেন না।

তিনি আরও জানান, রবিবার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ক্লাসরুম, শিক্ষক কক্ষ, অফিস কক্ষ, কম্পিউটার, আইপিএস ও আসবাবপত্র কিছুই অবশিষ্ট নেই।

প্রধান শিক্ষক জানান, ২০২২ সালে তৎকালীন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত কালাবাড়ী এলাকায় স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তাদের পৌঁছানোর আগেই স্কুলটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে জানা যাবে।

রামগড় ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular