গ্যাস পাইপলাইন স্থানান্তরের জরুরি কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আজ রোববার টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে এসব এলাকার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা দুর্ভোগে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকা অংশের অন্তর্ভুক্ত মৃধা বাড়ী, শনির আখড়া, নামা শ্যামপুর অংশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রোববার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ (এগারো) ঘণ্টা জুরাইন, ধোলাইর পাড়, জিয়া সরণী, দনিয়া, শনির আখড়া, মাতুয়াইল, নামা শ্যামপুর, পলাশনগর ও মৃধাবাড়ী এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।



