নিউজ ডেস্ক: রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে গণহত্যার দায় নির্ধারণ করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির সামরিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তাদের আহ্বান, আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত ৯-৬ ভোটে রায় দেন, ২০১৭ সালে উত্তর রাখাইন অঞ্চলে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা সংঘটিত করেছে। আদালত আরও বলেন, গণহত্যা প্রতিরোধ এবং দায়ীদের শাস্তি দেওয়ার আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে মিয়ানমার ব্যর্থ হয়েছে। গাম্বিয়ার দায়ের করা মামলায় এ রায়কে আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
রায়ে মিয়ানমারকে গণহত্যা-সংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ, অপরাধের ধারাবাহিকতা বন্ধ, দায়ীদের বিচার এবং ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে আইনগত দায়ের আওতায় রাখা হয়েছে। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
তবে আইসিজের রায় বাস্তবায়নের জন্য সরাসরি প্রয়োগকারী ব্যবস্থা নেই। কোনো রাষ্ট্র রায় মানতে ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা যেতে পারে। নিরাপত্তা পরিষদ নিষেধাজ্ঞা বা অন্যান্য ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রাখলেও এ বিষয়ে চীন ও রাশিয়ার বিরোধিতার সম্ভাবনা রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।
মানবাধিকার সংগঠনগুলো মিয়ানমারের তেল-গ্যাস খাত, সামরিক সরঞ্জাম সরবরাহকারী নেটওয়ার্ক ও অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিষয়টি উত্থাপনের দাবি জানিয়েছে।-
২০১৭ সালের সামরিক অভিযানে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, ঐতিহাসিক রায়কে বাস্তব পরিবর্তনে রূপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ জরুরি।