ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাইংল্যান্ডের সাবেক কোচ ফুটবলে আর আগ্রহ পাচ্ছেন না

ইংল্যান্ডের সাবেক কোচ ফুটবলে আর আগ্রহ পাচ্ছেন না

ইংল্যান্ডের সাবেক কোচ গ্যারেথ সাউথগেট আর কোচিংয়ে ফিরতে চান না। ফুটবল নিয়ে তার আগ্রহ ও দৃষ্টিভঙ্গি বদলে গেছে। প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের কোচ হিসেবেও ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি।

আমোল রাজন কানেকশন পডকাস্টে এ কথা জানান সাউথগেট। তিনি বলেন, ইংল্যান্ডে দায়িত্ব পালনের শেষ দিকে জয়ের আনন্দও হারিয়ে ফেলেছিলেন।

সাউথগেটের অধীনে ইংল্যান্ড ২০২১ ও ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল। তবে শিরোপা জিততে পারেনি দলটি। ১৯৬৬ সালের পর বড় কোনো টুর্নামেন্টে শিরোপা জয়ের অপেক্ষাও শেষ হয়নি।

ইউরো ২০২৪-এর পর ইংল্যান্ডের দায়িত্ব ছাড়েন সাউথগেট। এরপর ফুটবলের বাইরে বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন তিনি। বোস্টনের হার্ভার্ড বিজনেস স্কুলে ভিজিটিং লেকচারার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তরুণদের নানা চ্যালেঞ্জ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রেও অংশ নিয়েছেন।

সাউথগেট বলেন, ‘ইংল্যান্ডে আমার মেয়াদের শেষ দিকে জয়ের আনন্দ আর উপভোগ করতে পারছিলাম না। অন্তত কিছুদিন হলেও জয় মানুষকে টিকিয়ে রাখে। কিন্তু শেষ দিকে জয় আমাকে কয়েক মিনিটের বেশি আনন্দ দিতে পারত না।’

২০২৫ সালের মে মাসে নিজের সাবেক ক্লাব ক্রিস্টাল প্যালেসের এফএ কাপ ফাইনাল দেখতে মাঠে গিয়েছিলেন সাউথগেট। সেটিই ছিল তার শেষ স্টেডিয়াম সফর। এরপর আর কোনো ফুটবল মাঠে যাননি তিনি।

সাউথগেট বলেন, ‘আমার দল ক্রিস্টাল প্যালেসের প্রথম ট্রফি জয় দেখতে এফএ কাপ ফাইনালে গিয়েছিলাম। এরপর আর কোনো ফুটবল মাঠে যাইনি। ফুটবলের সঙ্গে যুক্ত থাকার প্রবল ইচ্ছাটাই এখন বদলে গেছে।’

এদিকে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের নিয়ম ভঙ্গের অভিযোগ নিয়ে সাউথগেট বলেন, ‘আমার মৌলিক ভাবনা হলো, এসবের কিছুই ফুটবলের জন্য ভালো নয়। এখানে কোনো জয়ী পক্ষ নেই।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular