ঢাকা  মঙ্গলবার, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআন্তর্জাতিকইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের আপডেট

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের আপডেট

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে দেশজুড়ে এখন পর্যন্ত ৭৮০ জনের বেশি নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট।

সংস্থাটি আরও জানায়, শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে ১ হাজারেরও বেশি আঘাত হানা হয়েছে। একই সময়ে ইরানি গণমাধ্যমে রাজধানীর পশ্চিমে কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিস্ফোরণের খবর জানানো হয়।

অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের ১০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। তাছাড়া কুয়েতের মার্কিন ঘাঁটিতে থাকা ৬ মার্কিন সেনা নিহত হয়েছে ইরানের হামলায়।

১৮:৪৭ টা
আলোচনার সময় পার হয়ে গেছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল, কিন্তু এখন কথা বলার সময় পার হয়ে গেছে।

১৮:৪৫ টা
ওমানে হামলার চালানো কথা অস্বীকার ইরানের

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে যে, ওমানে কোনো ধরনের হামলা চালানোর খবর অস্বীকার করেছে ইরান। ওমানে গত কয়েক দিনে বেশ কিছু হামলা হয়েছে, যার মধ্যে গত রবিবারের একটি ড্রোন হামলায় একজন প্রবাসী শ্রমিক আহত হয়েছেন। এর আগে ওমানের সংবাদ সংস্থা জানিয়েছিল যে, দেশটির দুকুম বাণিজ্যিক বন্দরের একটি জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া সালালাহ বন্দরের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে এবং ধোফার গভর্নরেটে আরও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

১৮:৪১ টা
ইসরায়েলের আপার গ্যালিলিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

হিজবুল্লাহ জানিয়েছে যে, তারা ইসরায়েলের আপার গ্যালিলি অঞ্চলে একটি ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। গোষ্ঠীটি জানায়, তারা ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইসরায়েলের ‘মায়ান বারুখ’ আউটপোস্ট বা সামরিক চৌকিকে লক্ষ্যবস্তু করেছে।

১৮:৪০ টা
আমেরিকান জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই: ইসমাইল বাঘাই

আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আমরা বারবার বলেছি যে, আমেরিকান জনগণের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। মার্কিন জনগণের জানা উচিত যে, তাদের নেতারা কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই একটি ঐতিহাসিক জাতির ওপর হামলা চালিয়েছে—যাদের একমাত্র দাবি হলো স্বাধীন ও স্বয়ংসম্পূর্ণভাবে বেঁচে থাকা।

১৮:৩৬ টা
ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে যে, দেশটির মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, অনুসন্ধান ও উদ্ধারকারী বাহিনী এবং অসংখ্য জরুরি উদ্ধারকারী দল বর্তমানে মধ্য ইসরায়েলের আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে কাজ করছে। বিবৃতিতে আরও যোগ করা হয়েছে যে, হামলার পারিপার্শ্বিক পরিস্থিতি এবং ক্ষয়ক্ষতির বিষয়টি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।

১৮:৩৪ টা
খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান

ইরান সব ধরনের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে বলে আধাসরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে। সরকারি এক বিবৃতির বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের খাদ্য ও কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার বর্তমানে জনগণের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

১৮:২৩ টা
ইরান থমকে যায়নি: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ মঙ্গলবার জানিয়েছেন, ইরানের ওপর যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলেও সরকার এখনো কার্যকর রয়েছে এবং সারা দেশে রাষ্ট্রীয় কার্যক্রম অব্যাহত আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজেশকিয়ান বলেন, উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ প্রাদেশিক নেতৃত্বের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখছে।

তিনি লিখেছেন, “আমরা গভর্নরদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি। পরিস্থিতি অস্বাভাবিক বা ব্যতিক্রমী, কিন্তু দেশ থমকে যায়নি।” তিনি আরও যোগ করেন, “পুরো দেশজুড়ে চলমান স্বাভাবিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।”

১৮:১২ টা
আরব আমিরাতে ফরাসি রাফাল যুদ্ধবিমান মোতায়েন ফ্রান্সের

সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত নিজেদের নৌ ও বিমানঘাঁটিগুলোকে ইরানি হামলা থেকে রক্ষা করতে ‘রাফাল’ যুদ্ধবিমান মোতায়েন করেছে ফ্রান্স। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোট এই তথ্য নিশ্চিত করেছেন। ফ্রান্সের শত শত সামরিক কর্মকর্তা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এবং আবুধাবির কাছে ‘ধাহফরা’ ঘাঁটিতে ফরাসি রাফাল বিমানগুলো মোতায়েন রয়েছে। বারোট জানান, গত সপ্তাহান্তে ইরানি ড্রোন প্রতিহত করতে এবং নিজেদের আকাশসীমা সুরক্ষিত রাখতে এই যুদ্ধবিমানগুলো অপারেশন পরিচালনা করেছে।

১৮:০২ টা
পারমাণু অস্ত্র প্রতিযোগিতার সূত্রপাত ঘটাতে পারে ইরানে হামলা: লেভরভ

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ সতর্ক করে বলেছেন যে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুধু তেহরানকেই নয়, বরং তার প্রতিবেশী দেশগুলোকেও পারমাণবিক অস্ত্র অর্জনে প্ররোচিত করতে পারে। তিনি জানান, অঞ্চলে ছড়িয়ে পড়া এই সংঘাত পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular