নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা বিশেষ গেজেট প্রজ্ঞাপনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন এবং তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি জানান, ঢাকা-৬ ও আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে আরও বেশি সময় দিতে চান। নিজের কর্মকাণ্ডের কারণে সরকার বা দল যাতে বিব্রত না হয়, সেটিও পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানের সময় ইশরাককে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। ইশরাক দাবি করেন, অস্ত্রটি বৈধ লাইসেন্স করা এবং নিরাপত্তার প্রয়োজনে তিনি সেটি হাতে নিয়েছিলেন।-
পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর প্রথমে অস্বীকার করলেও পরদিন সংবাদ সম্মেলনে ইশরাক আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। পরে লিখিত পদত্যাগপত্র নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। রাষ্ট্রপতির অনুমোদন ও প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে তার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বের আনুষ্ঠানিক অবসান ঘটল।



