গাজীপুর প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহার আর মাত্র চার দিন বাকি। শিল্পাঞ্চলখ্যাত গাজীপুরে এখনো অধিকাংশ কারখানায় ছুটি শুরু হয়নি। এরপরও ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ইতিমধ্যে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। প্রশাসনের পক্ষ থেকে যানজট নিরসনে নানা প্রস্তুতি নিলেও মহাসড়কের পাশে পশুর হাট, অবৈধ পার্কিং, ভাসমান দোকান ও শিল্পকারখানায় একযোগে ছুটির কারণে এবারও দীর্ঘ যানজট তৈরি হতে পারে।
হাইওয়ে পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি ঈদে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে লাখো মানুষ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে নিজ নিজ গন্তব্যে ফেরেন। কয়েক দিন মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যায়। একই সময়ে বিপুলসংখ্যক মানুষ বাড়ি ফেরায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়।




