নিউজ ডেস্ক: বাঁচা-মরার লড়াইয়েও পারল না বেলজিয়াম। ঘরের মাঠে হেরেই উয়েফা নেশনস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল বেলজিয়াম। তাদের কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে ইতালি।
ব্রাসেলসে বৃহস্পতিবার রাতে উয়েফা নেশনস লিগের খেলায় বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে জিতেছে লুচিয়ানো স্পালেত্তির দল। শুরুতে সান্দ্রো টোনালির করা গোল গড়ে দিয়েছে ব্যবধান।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে ইতালি। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ২-এ ফ্রান্স। জয়ে আসর শুরুর পর চার ম্যাচে আর সেই স্বাদ না পাওয়া বেলজিয়াম ৪ পয়েন্ট নিয়ে আছে ৩-এ। তাদের সঙ্গে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ইসরায়েলের পয়েন্ট ১।
ঘরের মাঠে এদিন প্রথমার্ধে বিবর্ণ বেলজিয়াম দ্বিতীয়ার্ধে ভালো খেলে। প্রথমার্ধে গোলের জন্য তারা শট নিতে পারে মাত্র একটি, সেটিও হয় লক্ষ্যভ্রষ্ট। বিরতির পর ১০টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখে স্বাগতিকরা। পুরো ম্যাচে ইতালির ১১ শটের ৪টি লক্ষ্যে ছিল।
একাদশ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগেই এগিয়ে যায় ইতালি। বক্সের বাইরে সতীর্থকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন জিওভান্নি ডি লরেন্সো। ফিরতি পাস পেয়ে বাঁ দিক থেকে কাটব্যাক করেন তিনি আর ফাঁকা জালে বল পাঠান টোনালি।
জাতীয় দলের জার্সিতে ২০ ম্যাচে ২৪ বছর বয়সি এ মিডফিল্ডারের প্রথম গোল এটি।



