নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বুধবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়াকে নতুন উপজেলা করায় এলাকাবাসীর আয়োজনে রুহিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যেতে চাই। একটি মহল চেষ্টা করছে দেশকে অস্থিতিশীল করার জন্য। তাই সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এলজিআরডি মন্ত্রী বলেন, যেসব কাজ অসমাপ্ত রয়েছে সেগুলো হয়ে যাবে। সব চেয়ে বড় জিনিস হচ্ছে আপনাদের নিজেদের তৈরি করতে হবে।দুঃখ হয় যখন শুনি তরুণরা মাদকাসক্ত হচ্ছে। এ থেকে আমাদের মুক্ত হতে হবে। তরুণরা যেন এ থেকে মুক্ত থাকে। আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে মাদক থেকে দূরে থাকার জন্য। খেলাধুলার চর্চা করতে হবে। নেতৃত্ব গড়ে তুলতে হবে তাহলেই রুহিয়া উপজেলা সামনের দিকে এগিয়ে যাবে।
আব্দুল জব্বারের সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহ-সাধারণ সম্পাদক আনসারুল হক, পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ, বিএনপি নেতা মাহেবুল্লাহ আবু নুরসহ অনেকেই উপস্থিত ছিলেন।




