নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার সময় সিলিং ফ্যান খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আলাদা কক্ষে পরীক্ষায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী নিয়ামুল হাসান উপজেলার দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ করে কক্ষের একটি সিলিং ফ্যান খুলে নিয়ামুলের মাথা ও শরীরের ওপর পড়ে। এতে সে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। এ সময় পরীক্ষাকেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রম বিঘ্নিত হয়।
পরে দ্রুত একটি মেডিকেল টিম কেন্দ্রে পৌঁছে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে পুনরায় আলাদা কক্ষে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। চিকিৎসার কারণে বিলম্ব হওয়ায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয় বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তারা পরীক্ষাকেন্দ্রের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানান।
বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে বিষয়টি পরিদর্শন করা হয়েছে। কেন্দ্রের কয়েকটি কক্ষে পুরোনো ও ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।




