নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঐতিহ্যবাহী ওয়েস্ট এন্ড হাই স্কুলে শিক্ষার্থীদের স্বার্থে এক অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করেছেন, যাতে কোমলমতি ছাত্রছাত্রীদের প্রতিদিন আর ফ্লাস্ক ভর্তি পানি বহন করার কষ্ট পোহাতে না হয়।
রোববার (২৪ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাই এ উদ্যোগকে স্বাগত জানান এবং একে মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
সভাপতি মীর নেওয়াজ আলী নেওয়াজ জানান, দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই তিনি লক্ষ্য করেন যে প্রচণ্ড গরমে ছোট ছোট শিক্ষার্থীদের প্রতিদিন ফ্লাস্ক ভর্তি পানি বহন করা এক কঠিন যন্ত্রণা। এতে অনেক শিক্ষার্থী ক্লান্ত হয়ে পড়ে এবং ডিহাইড্রেশনের শিকার হয়। চিকিৎসকদের মতে, গরমকালে একজন শিশুর সুস্থ থাকার জন্য প্রতিদিন অন্তত ৬–৭ গ্লাস পানি পান অপরিহার্য। অথচ শিক্ষার্থীরা দিনের প্রায় ৪০ শতাংশ সময় বিদ্যালয়ে কাটায়। ফলে বিদ্যালয়েই পর্যাপ্ত ও বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকলে তাদের শারীরিক ও মানসিক সুস্থতা বিঘ্নিত হওয়ার ঝুঁকি থাকে।
বিদ্যালয়ের শিক্ষকরা এ উদ্যোগকে শিক্ষার্থীবান্ধব পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। তারা বলেন, “আগে অভিভাবকদের চিন্তা করতে হতো বাচ্চারা বিদ্যালয়ে পর্যাপ্ত পানি পাবে কিনা। এখন বিদ্যালয়েই বিশুদ্ধ পানির নিশ্চয়তা থাকায় শিক্ষার্থীরা নির্ভার থাকবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হতে পারবে।”
অভিভাবকরাও স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, “এতদিন প্রতিদিন ফ্লাস্কে পানি ভরে বাচ্চাদের স্কুলে পাঠাতে হতো। এতে শিশুদের যেমন কষ্ট হতো, তেমনি আমাদেরও চিন্তায় থাকতে হতো। এখন বিদ্যালয়েই বিশুদ্ধ পানির ব্যবস্থা হওয়ায় আমরা অনেকটা নিশ্চিন্ত।”
এ বিষয়ে সভাপতি মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, “আমি বিশ্বাস করি রাজনীতি মানে মানুষের পাশে থাকা। শিক্ষার্থীদের কষ্ট কমানো এবং তাদের পড়াশোনার উপযোগী পরিবেশ তৈরি করাই আমার লক্ষ্য। ওয়েস্ট এন্ড হাই স্কুলের প্রতিটি শিক্ষার্থী যেন নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, সেটিই আমার প্রচেষ্টা।”
স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষাঙ্গনে নেতৃত্বের নতুন উদাহরণ। তাদের মতে, বিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্ব পালন করার পাশাপাশি মানবিক দায়িত্বের কথাও চিন্তা করেছেন মীর নেওয়াজ আলী নেওয়াজ। শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ পানির এই ব্যবস্থা শিক্ষার পরিবেশ উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে এবং দীর্ঘমেয়াদে এ উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে।



