নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী, বাজিতপুর ও হোসেনপুর উপজেলায় অভিযান চালিয়ে সাত খাদ্য ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৭ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী জেলার কটিয়াদী, বাজিতপুর ও হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকায় নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এই বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা
হয়।
বিশুদ্ধ খাদ্য আদালতের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।
বিশুদ্ধ খাদ্য আদালত সূত্রে জানা গেছে, শনিবার (২৬ জুলাই) দিনব্যাপী জেলার কটিয়াদী, বাজিতপুর ও হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন খাদ্য উৎপাদন ও ব্যবসা প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মোড়কে অগ্রিম উৎপাদনের তারিখ ব্যবহার ও নিবন্ধন ব্যতীত পণ্য উৎপাদন করার অপরাধে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার হাজী ফুড প্রোডাক্টসকে এক লাখ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশ, পরিদর্শনে অসহযোগিতা ও বৈধ নিবন্ধনের অনুপস্থিতির কারণে রূপালী
বেকারীকে এক লাখ টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে বাজিতপুর বাজার এলাকার হাবীব বেকারীকে এক লাখ টাকা, খাদ্যপণ্য ও ডিজেল একত্রে সংরক্ষণের অপরাধে অলিউল্লাহ স্টোরকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এছাড়াও সরারচর-হালিমপুর এলাকার শামীম বেকারীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং
অনুমোদনহীন খাবার রঙ ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসময় প্রতিষ্ঠানের মালিক পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে জেলার হোসেনপুর বাজারে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করা হয়। এসময় পরিদর্শনে অসহযোগিতা এবং ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণের অভিযোগে ময়নামতি রেস্টুরেন্টকে এক লাখ টাকা, ফ্রিজে বাসি মুরগির মাংস সংরক্ষণসহ
বিভিন্ন অপরাধের দায়ে শাহী মহল রেস্তোরাঁকে এক লাখ টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনসহ একাধিক অপরাধের দায়ে কূলেশ্বরী মিষ্টান্ন ভান্ডারকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
জনস্বার্থে এই ধরনের বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



