ঢাকা নিউজ ডেস্ক: বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাব্যবস্থার উন্নয়নে আইএইএ-এর সহযোগিতা জোরদারের আহবান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) Programme of Action for Cancer Therapy (PACT)-এর পরিচালক Lisa Stevens-এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মতবিনিময়কালে এ আহবান জানান সচিব।
এ সময় নভেম্বর ২০২৬-এর IAEA–WHO–IMPACT Review Mission সফলভাবে বাস্তবায়নে বাংলাদেশের প্রস্তুতি ও সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।
বাংলাদেশে সমন্বিত, টেকসই ও আধুনিক ক্যান্সার চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-এর সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন।
বৈঠকে বাংলাদেশে ক্যান্সার নিয়ন্ত্রণ ও চিকিৎসাব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং ‘Rays of Hope’ উদ্যোগের মাধ্যমে জনগণের জন্য দীর্ঘস্থায়ী সুফল কিভাবে নিশ্চিত করা যায় সে বিষয়েও আলোচনা করা হয়।
বিজ্ঞান সচিব বলেন, নভেম্বর ২০২৬-এ অনুষ্ঠেয় IAEA–WHO–IMPACT Review Mission বাংলাদেশের জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ সক্ষমতার প্রমাণভিত্তিক মূল্যায়ন এবং ক্যান্সার চিকিৎসার সামগ্রিক ব্যবস্থায় বাস্তবভিত্তিক অগ্রাধিকার নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বাংলাদেশ এ মিশনের দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে আছে।
IAEA ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ‘Rays of Hope’ উদ্যোগের প্রতিশ্রুতিকে বাংলাদেশের জনগণের জন্য বাস্তব ও দীর্ঘস্থায়ী সুফলে রূপান্তর করতে বাংলাদেশ দৃঢ়প্রতিজ্ঞ।ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনীয় অবকাঠামো, প্রযুক্তিগত সক্ষমতা, মানবসম্পদ উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।বৈঠকে ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত তৌফিক হাসান উপস্থিত ছিলেন।
ঢাকা নিউজ/এস




