ঢাকা  বৃহস্পতিবার, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeরাজনীতিখাল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান চলবে: পানিসম্পদমন্ত্রী

খাল পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান চলবে: পানিসম্পদমন্ত্রী

নাজমুল হোসেন, বিশেষ সংবাদদাতা : সারা দেশে খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রমের অংশ হিসেবে খালের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, খাল পুনরুদ্ধারের সময় কিছু ক্ষেত্রে আইনি জটিলতা তৈরি হতে পারে, তবে জেলা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে সেগুলো মোকাবিলা করা হবে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সারা দেশে খাল খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দীর্ঘদিন অবহেলিত থাকায় অনেক খাল দখল ও দূষণের শিকার হয়েছে। কোথাও খালের পাড় দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে, কোথাও আবার বর্জ্য-আবর্জনায় ভরাট হয়ে গেছে।

মন্ত্রী বলেন, ‘খালগুলো তাদের নিজস্ব অবস্থানেই রয়েছে। কেউ অবৈধভাবে সেখানে কিছু গড়ে তুললে তা সরিয়ে নিতে হবে। আমাদের লক্ষ্য একটি নতুন আঙ্গিকের বাংলাদেশ গড়ে তোলা। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।’

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় খাল খনন কর্মসূচিকে আন্দোলনে রূপ দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন স্থানে খাল খনন কার্যক্রম উদ্বোধন করেছেন।

মন্ত্রী আরও বলেন, বহু বছর ধরে খাল খনন কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হয়নি। ফলে অনেক এলাকায় খালের স্বাভাবিক প্রবাহ নষ্ট হয়েছে। খাল পুনরুদ্ধারের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি ও পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও এম এ হান্নান, সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।

পরে জেলা প্রশাসক কার্যালয়ে ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় অংশ নেন পানিসম্পদমন্ত্রী।

ঢাকানিউজ/নাজ/২৪

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular