নিউজ ডেস্ক: গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যান (এপিসি) মোতায়েনের পাশাপাশি বিজিবি সদস্যদের শরীরে বডি–ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা যায়। দুপুর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো মহড়া দেখা যায়নি।
বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয়সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন রয়েছে।
বিজিবি জানায়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য মোতায়েন করা সর্বোচ্চসংখ্যক সদস্যের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের সরাসরি ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
বিজিবি আরও জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছেন তারা।
রোববারের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর আজ গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের ব্যাংকপাড়া মোড়, জেলা প্রশাসকের বাসভবন এলাকা, লঞ্চঘাট, যুগশিখা মোড়, থানাপাড়া মোড়, জজকোর্ট, হাসপাতাল, পুলিশ লাইনস মোড় ও বেদগ্রামসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।



