ঢাকা  শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeআইন ও আদালতচলন্ত বাসে ব্যবসায়ীকে জিম্মি করে লুট: আরও দুই সদস্য গ্রেপ্তার

চলন্ত বাসে ব্যবসায়ীকে জিম্মি করে লুট: আরও দুই সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের সালনা এলাকায় চলন্ত বাসে এক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা ও মালামাল লুটের ঘটনায় জড়িত ডাকাত দলের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে চারটার দিকে ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ও কেওয়াটখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জাবেদ ইকবাল বাদল (৩২) ও মো. আব্দুল্লাহ আল মামুন (৩৮)। তাঁরা দুজনই ময়মনসিংহ জেলার বাসিন্দা।

র‍্যাব সূত্র জানায়, গত বছরের ৫ ডিসেম্বর সকালে ব্যবসায়ী মো. ফুল মিয়া (আলমগীর) নগদ ৮ লাখ টাকা ও প্রায় ৫৬ হাজার টাকার মালামাল নিয়ে টঙ্গী যাওয়ার উদ্দেশ্যে সালনা ফ্লাইওভার থেকে একটি যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটিতে যাত্রীবেশে আগে থেকেই ওত পেতে ছিল ৬-৭ সদস্যের একটি ডাকাত দল।

একপর্যায়ে বাসটি টঙ্গীর দিকে না গিয়ে ইউটার্ন নিয়ে রাজেন্দ্রপুরের দিকে যেতে শুরু করে। এ সময় ডাকাতরা চাপাতির মুখে ফুল মিয়াকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে এবং মারধর করে তাঁর সঙ্গে থাকা টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। পরে তাঁকে গাজীপুরের মাস্টারবাড়ী এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে চলন্ত বাস থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি ডাকাতি মামলা করেন। দীর্ঘ তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর র‍্যাব-১৪ আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়।

এর আগে, চলতি বছরের ৬ জানুয়ারি এ মামলার আরও এক সদস্য মো. মোখলেছ মিয়াকে (৪১) গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. সামসুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular