নিউজ ডেস্ক : বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি এক মাস পিছিয়ে আগামী ২ জানুয়ারি করা হয়েছে।আদালত জামিন শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম শুনানি শেষে মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে এই তারিখ নির্ধারণ করেন। এ সময় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর পক্ষে আদালতে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিন্ময় কৃষ্ণের জামিন শুনানির সময় গত বুধবার থাকলেও আইনজীবী হত্যার ঘটনায় আইনজীবীরা আদালত বর্জন করায় সেদিন শুনানি হয়নি।
চিন্ময় কৃষ্ণের জামিন শুনানিকে কেন্দ্র করে আজ চট্টগ্রামের আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল অন্যদিনের তুলনায় বেশি। বিচার প্রার্থীদের তল্লাশি করে আদালত এলাকায় ঢুকতে দেওয়া হয়। জামিন শুনানির আগে চিন্ময় কৃষ্ণ দাসকে সবগুলো মামলায় গ্রেপ্তার দেখাতে আদালত এলাকায় বিক্ষোভ করেছেন আইনজীবীরা।



