ঢাকা  শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeসারাদেশকুড়িগ্রামচিলমারীতে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ধস

চিলমারীতে ব্রহ্মপুত্রের তীররক্ষা বাঁধে ধস

কুড়িগ্রাম প্রতিবেদক: কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধে ফের ধস দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল কেডিওয়ারী এলাকায় বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীতে ধসে যায়। এতে হুমকির মুখে পড়েছে আবাদি জমি ও বসতবাড়ি।

শুক্রবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, প্রায় দেড় কিলোমিটার বাঁধ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ। এর আগেও কয়েকটি পয়েন্টে ধস দেখা দিলে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হয়। টানা বৃষ্টিতে পানি বাড়ায় বৃহস্পতিবার রাত থেকে আবারও বাঁধে ধস শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দা মাহবুবুর রহমান, মানিক মিয়া ও শাহান আলী বলেন, ‘দীর্ঘদিন ধরেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। বৃহস্পতিবার রাতে হঠাৎ বিকট শব্দে প্রায় ৪০ মিটার অংশ নদীতে ধসে যায়। এর আগেও চারবার বড় ধরনের ধস দেখা দেয়। সে সময় কোনোমতে ভাঙন ঠেকানো গেলেও এক দিনের বৃষ্টিতে আবারও ধস দেখা দেয়।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘ব্রহ্মপুত্রের কাঁচকোল এলাকায় প্রায় ৪ কিলোমিটার অংশ ঝুঁকিপূর্ণ। ওই এলাকায় পুনর্বাসন ও বাঁধ শক্তিশালীকরণের জন্য প্রকল্প দাখিল করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে।’

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular