আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো সংস্কারের জোরালো দাবি জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সঙ্গে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে সানচেজ বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতা ও সংকট মোকাবিলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তার কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে।
ভেটো ক্ষমতার অপব্যবহার এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যহীনতার সমালোচনা করে তিনি নিরাপত্তা পরিষদকে আরও অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও যুগোপযোগী হিসেবে পুনর্গঠন করার জোর আহ্বান জানান।
ফিলিস্তিনসংকট প্রসঙ্গে স্প্যানিশ প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, গাজায় সাধারণ মানুষের ওপর যে নৃশংসতা ও গণহত্যা চালানো হচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায় কোনোভাবেই তা চোখ বুজে সহ্য করতে পারে না।
তিনি অবিলম্বে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা, মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে দুই-রাষ্ট্র সমাধানের পথে হাঁটার তাগিদ দেন।
উল্লেখ্য, ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেন অগ্রগামী ভূমিকা পালন করে আসছে এবং মধ্যপ্রাচ্যসংকট নিয়ে শুরু থেকেই আন্তর্জাতিক মঞ্চে সোচ্চার মাদ্রিদ।




