সুমন দত্ত: জুলাই গণঅভ্যুত্থানে স্কাউটদের অবদান ছিল। ১১ জন স্কাউট শহীদ হয়েছিল। তাদের এই আত্মত্যাগে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) কাকরাইলের স্কাউট সদর দফতরে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ কথা বলেন। অনুষ্ঠান তিনি প্রধান অতিথি ছিলেন।
এ সময়ে তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি।অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্কাউট সদস্যদের হাতে শাপলা কাব অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড এবং প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
স্কাউটিংয়ের মূল দর্শন তুলে ধরে উপদেষ্টা বলেন, স্কাউটিং কেবল ব্যাজ অর্জনের প্রক্রিয়া নয়; এটি চরিত্র গঠন, মানবিক মূল্যবোধ শেখা, দলগত নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সমাজসেবার এক যুগান্তকারী প্রশিক্ষণ। তিনি বলেন, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ডসহ যেকোনো দুর্যোগে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের পাশে থাকে স্কাউট সদস্যরা। আত্মনির্ভরশীল ও সেবামুখী নাগরিক তৈরির জন্য স্কাউটিংয়ের বিস্তৃতি আরও বাড়ানো জরুরি।
শিক্ষা উপদেষ্টা জানান, বিশ্বের ১৭৬টি স্কাউট দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে চতুর্থ। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন কমিটি ও সাব-কমিটিতে বাংলাদেশি স্কাউটদের নেতৃত্ব আমাদের সক্ষমতার দৃষ্টান্ত বলেও তিনি দাবি করেন।বাংলাদেশ স্কাউটসের নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলে স্কাউট নেতৃত্বকে ধন্যবাদ জানান উপদেষ্টা।
বাংলাদেশ স্কাউট এর ২০২০-২০২৪ সালে মোট ৮২৩৮ জন কাব স্কাউট শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে। গত ২৩ জুন ২০২৫ তারিখে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ৮২ জনকে শাপলা কাব দেওয়া হয়েছিল। বাকীদের আজকে দেওয়া হলো।




