কুমিল্লা প্রতিনিধি : দুই দিনের টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাস পানিতে তলিয়ে গেছে। এতে শিক্ষা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থীসহ আশপাশের বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ধর্মপুর এলাকায় অবস্থিত কলেজের ডিগ্রি সেকশন ঘুরে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন ভবনের নিচতলা, শ্রেণিকক্ষ ও প্রশাসনিক কক্ষগুলোতে হাঁটু সমান পানি জমে রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কলাভবন, বিজ্ঞান অনুষদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভবনসহ একাধিক ভবনের নিচতলা পানিতে ডুবে আছে। রসায়ন ভবন, মিলেনিয়াম ভবন ও বিজ্ঞান ভবন-২ এর সামনের রাস্তা এবং ক্যাম্পাসের ভেতরের প্রধান সড়কও হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে।
কলাভবনের প্রতিটি কক্ষেই পানি ঢুকে চেয়ার, টেবিল ও বেঞ্চ ডুবে আছে। প্রশাসনিক কক্ষগুলোতেও একই চিত্র।
কলেজ শিক্ষার্থী এম হাসান বলেন, “সামান্য বৃষ্টিতেই ক্যাম্পাস তলিয়ে যায়। এটা কোনো স্থায়ী সমাধান ছাড়া বারবার ঘটছে, যা দুঃখজনক।”
অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. হোসাইন আহমেদ বলেন, “আগামীকাল পরীক্ষা। হাঁটু পানির মধ্যে বসে পরীক্ষা দিতে হবে কিনা বুঝতে পারছি না।”
আরেক শিক্ষার্থী মো. আবু সাঈদ বলেন, “ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় প্রতি বছর একই সমস্যা হয়। পানি নিষ্কাশনের কোনো স্থায়ী ব্যবস্থা নেই।”
স্থানীয়রা জানান, শুধু বৃষ্টির পানি নয়, আশপাশের ড্রেনের নোংরা পানি ক্যাম্পাসে ঢুকে পড়েছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং ডেঙ্গুসহ বিভিন্ন পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “ক্যাম্পাসের ভেতরের পানি দেখে মনে হয় কোনো জলাশয়।”
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, “বাইরের পানি ক্যাম্পাসে ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি করেছে। প্রায় ৪০ লাখ টাকার ড্রেনেজ প্রকল্প অনুমোদন হয়েছে, টেন্ডারও সম্পন্ন হয়েছে। কাজ বাস্তবায়ন হলে সমস্যার সমাধান হবে।”
তিনি আরও জানান, পরীক্ষার্থীদের অসুবিধা না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৮৯৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতা দেখা দেয়। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও অপরিকল্পিত অবকাঠামোর কারণে প্রতিবছর একই দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীদের।




