নিজস্ব প্রতিবেদক : ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রমজানের নবম দিনে রাজধানীর পল্লবীর প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুর—আংশিক সাঁথিয়া, বেড়া ও আমিনপুর থানা এলাকার ঢাকায় বসবাসরত বিভিন্ন পেশাজীবীদের নিয়ে গঠিত সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিনাথপুরের কৃতি সন্তান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মেম্বার প্রকৌশলী মোঃ আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুরের কৃতি সন্তান মোঃ সাইদুর রহমান খান, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, এমডি ও সিইও, যমুনা ব্যাংক পিএলসি; অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, প্রাক্তন উপ-উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি); ড. খন্দকার রহিমুজ্জামান, সাবেক ব্যাংক কর্মকর্তা; সাংবাদিক পারভেজ খান, সিইও, দৈনিক রূপালী বাংলাদেশ; মোহাম্মদ খাইরুজ্জামান কামাল, সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক, বাসস; এবং মোঃ সাইদুল ইসলাম, পরিচালক, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিনাথপুরের কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম।
বক্তারা এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার মানুষের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে। অন্যান্য অতিথিরাও মত প্রকাশ করেন যে, ঢাকায় এমন উদ্যোগ এর আগে দেখা যায়নি। তারা বলেন, সংগঠনের মাধ্যমে ভবিষ্যতে আরও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
সংগঠনের গ্রুপ এডমিন সদস্য মোঃ আসাদুজ্জামান সুজন উপস্থিত সকলের সঙ্গে এডমিন গ্রুপের সদস্যদের পরিচয় করিয়ে দেন। সভাপতির বক্তব্যের পর হাফেজ দেলোয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাশিনাথপুর পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত। এর দক্ষিণ-পশ্চিমে আহম্মদপুর ও ক্ষেতুপাড়া ইউনিয়ন, উত্তরে চাকলা ও করমজা ইউনিয়ন এবং পূর্বে জাতসাখিনী ইউনিয়ন অবস্থিত। কাশিনাথপুরের দক্ষিণ দিক দিয়ে আত্রাই নদী প্রবাহিত হয়েছে।
ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি ২০২৪ সালে ঢাকায় ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে সংগঠনটি ঈদে দুস্থদের মাঝে খাবার বিতরণ, বাস-লঞ্চ ও ফেরিঘাটে ঈদযাত্রীদের সচেতনতা বৃদ্ধিতে ব্যানার ও ফেস্টুন স্থাপন, কাশিনাথপুরে চা-চক্র ও স্কুল মাঠ পরিষ্কার অভিযান, দেশের ভয়াবহ বন্যায় বিমান বাহিনীর মাধ্যমে বন্যার্তদের জন্য খাদ্য বিতরণ, বৃহত্তর কাশিনাথপুর এলাকার এতিমখানায় শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা উপকরণ (ব্যাগ, খাতা, কলম) প্রদান এবং আর্থিকভাবে অসচ্ছল অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদানের মতো নানা কার্যক্রম পরিচালনা করে আসছে।




