নিউজ ডেস্ক: ইসরায়েলের তেল আবিবগামী ‘ফ্লাইদুবাই’ এয়ারলাইনসের একটি ফ্লাইট সৌদি আরবে অবতরণ করতে বাধ্য হয়েছে। বুধবার কর্তৃপক্ষ জানিয়েছে, অপ্রীতিকর ঘটনার পর ফ্লাইটটি নিরাপদে তাবুক বিমানবন্দরে অবতরণ করে। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, উড়োজাহাজটির পাইলটরা মারামারিতে জড়িয়েছিলেন।
দুবাই থেকে রওনা দেওয়ার পর মাঝপথে ‘এফজেড ১০৭৩’ নম্বর ফ্লাইটটি ওই অপ্রীতিকর ঘটনার মুখে পড়ে। এয়ারলাইনসের একজন মুখপাত্র জানিয়েছেন, সব যাত্রী নিরাপদে আছেন। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।
ইসরায়েলি গণমাধ্যম কান ও চ্যানেল টুয়েলভের প্রতিবেদন অনুযায়ী, মাঝপথে উড়োজাহাজের পাইলটরা মারামারিতে জড়ান। এর জেরে ‘ডিস্ট্রেস সিগন্যাল’ বা বিপদ সংকেত চালু হয়। প্রথমে আশঙ্কা করা হয়েছিল, উড়োজাহাজটি ছিনতাইয়ের মুখে পড়েছে। তখন ইসরায়েলি সামরিক বাহিনী দ্রুত যুদ্ধবিমান প্রস্তুত করে। কিন্তু পরে ছিনতাইয়ের আশঙ্কা নাকচ করে দেওয়া হয়।
বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ইসরায়েলি যাত্রীদের নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফ্লাইটের ভেতর আসলে কী ঘটেছিল, সে বিষয়ে এয়ারলাইনস বা সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ বিস্তারিত কোনো তথ্য দেয়নি। এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গণমাধ্যমের খবরগুলো খতিয়ে দেখছে।



