ময়মনসিংহ প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতিবিজড়িত ত্রিশালকে আন্তর্জাতিক সাংস্কৃতিক পর্যটনের অন্যতম গন্তব্য হিসেবে গড়ে তুলতে চান ডা. লিটন।
‘নজরুল সিটি’ বাস্তবায়নের প্রধানমন্ত্রীর ঘোষণার কথা উল্লেখ করে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘নজরুল সিটি’ বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন প্রস্তাব ও পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে ত্রিশাল কনভেনশন সেন্টারে ত্রিশাল সমিতি ময়মনসিংহ আয়োজিত ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তাঁর ভাষায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে ত্রিশাল শুধু দেশের নয়, বিশ্ববাসীর কাছেও নতুন পরিচয়ে পরিচিত হবে এবং দেশ-বিদেশের পর্যটক, গবেষক ও সংস্কৃতিপ্রেমীদের অন্যতম আকর্ষণকেন্দ্রে পরিণত হবে।
তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ, ত্রিশালে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এবং একটি হাইটেক পার্ক প্রতিষ্ঠার কার্যক্রম উল্লেখ করে তিনি বলেন, “মাদকমুক্ত ত্রিশাল গড়ে তুলতে হলে তরুণদের খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।”




