নিউজ ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারালেও, পরের দুই ম্যাচে হেরে যায় বাংলাদেশ। ইংল্যান্ডের কাছে ২১ রানে এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরে যায় টাইগ্রেসরা।
৩ ম্যাচে ১টি জয় ও ২টি হারে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে বাংলাদেশ। সেমিফাইনালে খেলার পথ অনেকটাই কঠিন তাদের জন্য। তারপরও অনেক যদি-কিন্তুর উপর টিকে আছে বাংলাদেশের সেমির আশা। এজন্য দক্ষিণ আফ্রিকাকে হারাতেই হবে এবং গ্রুপের অন্য দলগুলোর হারের জন্য অপেক্ষা করতে হবে টাইগ্রেসদের।
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের কাছে হারলেও ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের বিপক্ষে জিতেছে প্রোটিয়ারা।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এরমধ্যে ২টিতে জয়, ১১টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ২০১২ সালে প্রথম দেখাতেই বাজিমাত করেছিলো বাংলাদেশ। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটে জিতেছিলো টাইগ্রেসরা। দারুন শুরুর পরও পরে ২-১ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।
এরপর গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। বোনোনিতে ১৩ রানে জয় পেয়েছিলো তারা। এই সিরিজের দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। শেষ ম্যাচ হেরে দক্ষিণ আফ্রিকার সাথে সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো টাইগ্রেসরা।
বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা (অধিনায়ক), সাথী রানী, দিলারা আকতার, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, স্বর্ণা আকতার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আকতার ও মারুফা আকতার।
দক্ষিণ আফ্রিকা একাদশ : লরা উলভার্ড (অধিনায়ক), তাজমিন ব্রিটস, অ্যানেকে বোচশ, মারিজান কাপ, সুনে লুউস, ক্লো ট্রাইয়ন, নাদিন ডি ক্লার্ক, অ্যানেরি ডারকসেন, সিনালো জাফতা, ননকুলুলেকো ম্লাবা ও আয়াবোঙ্গা খাকা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
RELATED ARTICLES



