গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : দেশের তিনস্থানে ময়মনসিংহের গৌরীপুরের তিনজন হত্যার শিকার হয়েছে। তাঁরা হলেন গাজীপুরের শ্রীপুরে স্মৃতি রানী পাল (২৬) ও কুমিল্লার চৌদ্দগ্রামে আবুল হাসিম (৬৫) খুন হন, ঢাকার খিলগাঁওয়ে শাহিদা আক্তার (১৪) এর লাশ উদ্ধার করে পুলিশ।
উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের সুনিল পালের মেয়ে স্মৃতি রানী (২৬) এর বিয়ে হয় গাজীপুরের শ্রীপুরে। এ শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখন্ড মহল্লার কেশব চন্দ্র সরকারের ছেলে কাব্য সরকারের সঙ্গে ২বছর ৬মাস পূর্বে বিয়ে হয়। বসবাস করতেন বরমী বাজার খামারপট্টির মৃত গোপাল মিস্ত্রীর বাড়িতে। সেখানে সোমবার (২৮ অক্টোবর) রাতে কুপিয়ে স্মৃতি রানীকে হত্যা করা হয়। পুলিশ এসে বাড়ির পেছন থেকে একটি রক্তমাখা ধারালো দা ও দুটি সেন্ডেল উদ্ধার করেছে।
এ ঘটনায় পুলিশ ৩জনকে গ্রেফতার করেছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইবুন্যালে নেয়ার দাবিতে রবিবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আমরা গৌরীপুরবাসী ব্যানারে।
উপজেলার মইলাকান্দা ইউনিয়নর কাউরাট চকবাড়ির মৃত আকবর আলীর পুত্র আবুল হাসিম (৬৫) কে গত ১৯ অক্টোবর ভোরে কুমিল্লায় হাত-পা, মুখ বেঁধে হত্যা করে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রামে রবি অজিয়াটা টাওয়ারে নিরাপত্তা কর্মী হিসাবে কর্মরত ছিলেন। চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, এ হত্যাকা-ের ঘটনায় নিহতের পুত্র মনোয়ার হাসিব মামুন বাদী হয়ে ২১ অক্টোবর মামলা করেছেন। হত্যাকা-ে জড়িতদের সনাক্তকরণ ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে কুমিল্লার পিবিআই ফরেসিক টিম।
এদিকে গৌরীপুর পৌর শহরের পশ্চিম দাপুনিয়া মহল্লার শহিদ মিয়ার মেয়ে শাহিদা আক্তারের লাশ ১৬অক্টোবর রাত ৯টার দিকে উদ্ধার করেছে ঢাকার খিলগাঁও থানার পুলিশ। মামলার তদন্তকারী অফিসার এসআই মো. সাদেকুল ইসলাম জানান, শাহিদা খিলগাঁও তিলপাপাড়া নুরুল হায়দার রাকিবের বাসায় গৃহকর্মীর কাজ করতো। দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।
এ ঘটনায় নিহতের নানা জুবেদ আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণায় হত্যাকা-ের ঘটনায় মামলা দায়ের করেন। এ ঘটনায় গৃহকর্তা নুরুল হায়দার রাকিব ও তার স্ত্রী নাদিরা নাজনীন সেতুকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



