ঢাকা-১০ আসনের আটটি পূজামণ্ডপ পরিদর্শন করে মন্ত্রী বললেন, ‘ধর্মীয় স্বাধীনতা কারও করুণা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকার’
ঢাকা প্রতিনিধি : ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন নয়, বরং ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-১০ সংসদীয় আসনের আটটি পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, এ দেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্মীয় স্বাধীনতা ও অধিকার কারও করুণা নয়, বরং প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার।
মন্ত্রী বলেন, ‘এই দেশ আপনার, এই দেশ আমার। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতি, বিভাজন, অনৈক্য কিংবা সংঘাত চাই না। আমরা সম্প্রীতি চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। আমাদের সবার একটাই পরিচয়—আমরা এই দেশের মানুষ। ধর্মীয় পরিচয়ের কারণে মানুষের মধ্যে কোনো বিভাজন তৈরি হোক, তা আমরা চাই না।’
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শেখ রবিউল আলম বলেন, ‘আপনারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমি এই এলাকারই সন্তান, আপনাদের ভাই, বন্ধু ও প্রতিবেশী। আপনাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে। আপনাদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা আমার দায়িত্বের অংশ।’
দুর্গাপূজার নিরাপত্তা ও উদ্যাপনের প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা শান্তিপূর্ণভাবে, আনন্দের সঙ্গে এবং নিজেদের অধিকার নিয়ে পূজা উদ্যাপন করছেন। কোথাও কোনো সমস্যা হলে কিংবা কারও নাগরিক অধিকার ব্যাহত হচ্ছে বলে মনে করলে আমাকে জানাবেন। আপনাদের অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব, এটি কোনো করুণা নয়।’
ঢাকা-১০ আসনের উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, এলাকার বিভিন্ন সমস্যা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের বয়স এখনো আট মাস। এরই মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এগিয়ে চলছে। আগামী দিনে আরও উন্নয়ন দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সব ধর্মের মানুষের নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে সরকার সজাগ রয়েছে উল্লেখ করে মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানান।



