চবি প্রতিনিধি: নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত নওগাঁর শিক্ষার্থীরা। এ সময় এমন কোন সিদ্ধান্ত হলে নওগাঁ জেলাকে বিচ্ছিন্নসহ সারাদেশে খাদ্যপণ্য সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়। রবিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ভাস্কর্যের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈকত হোসেন বলেন, “নওগাঁ মেডিকেল কলেজ ২০১৮ সালে প্রতিষ্ঠার পর ৭ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়নি। কিন্তু ক্যাম্পাস নির্মাণসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন না করে কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত অযৌক্তিক।
তিনি বলেন, বিগত বছরগুলোতে রাজশাহী মেডিকেল কলেজ কর্তৃক গৃহীত পেশাগত পরীক্ষায় ২৪টি মেডিকেল কলেজের মধ্যে নওগাঁ মেডিক্যাল কলেজ অন্যতম শীর্ষে অবস্থান করেছে। তাই, এখানকার অ্যাকাডেমিক মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগই নাই। মানহীন তকমা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক।”
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সৈয়ব আহমেদ সিয়াম বলেন, “কোনভাবে নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করা হলে নওগাঁ জেলাকে বিচ্ছিন্ন করে সারাদেশে খাদ্যপণ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। নওগাঁ থেকে আমরা চাল সাপ্লাই বন্ধ করে দেব। সারাদেশে নওগাঁর শিক্ষার্থীরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবে।
তিনি বলেন, কর্তৃপক্ষকে অনুরোধ করবো, আমাদেরকে এমন কঠোর হতে বাধ্য করবেন না। নওগাঁ মেডিকেল কলেজ কোনো রকম যদি কিন্তু ছাড়াই বহাল রাখুন। সেই সাথে দ্রুত অবকাঠামোগত উন্নয়নের ব্যবস্থা করুন।”
সম্প্রতি নওগাঁ মেডিকেল কলেজসহ ৬টি সরকারি মেডিকেল কলেজ বন্ধ করা সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনার বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।



