ঢাকা  বুধবার, ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়নতুন সিইসি: কে এই নাসির উদ্দীন

নতুন সিইসি: কে এই নাসির উদ্দীন

নিউজ ডেস্ক : অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ নিয়োগ দিয়েছেন। একইসঙ্গে আরও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ কার্যকর হয়।

নাসির উদ্দীন বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ১৯৭৯ ব্যাচের একজন নিয়মিত কর্মকর্তা। তিনি ২০০৫ থেকে ২০০৭ পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের জানুয়ারি মাসে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেন।

নাসির উদ্দীন কক্সবাজারের কুতুবদিয়ার ঐতিহ্যবাহী বড়ঘোপ মৌলভী বাড়ির সন্তান। তার পিতা মরহুম মাস্টার তালেব উল্লাহ ছিলেন কক্সবাজারের অন্যতম শিক্ষাবিদ।

সিইসি হিসেবে নিয়োগ পাওয়ার পর নাসির উদ্দীন বলেছেন, অবাধ, সুষ্ঠু ওে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা করা দরকার, তা করব ইনশাআল্লাহ। এ দায়িত্বটি পূর্ণ সতর্কতা ও সবার সহযোগিতায় পালন করতে হবে।

অন্য চার নির্বাচন কমিশনার হলেন— অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) আবদুর রহমানেল মাসুদ, যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

নির্বাচন কমিশন পুনর্গঠনে আইন অনুযায়ী, গত ২৯ অক্টোবর একটি সার্চ কমিটি গঠন করা হয়েছিল। যার নেতৃত্বে ছিলেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ওই কমিটি ২০ নভেম্বর রাষ্ট্রপতির কাছে ১০ জনের একটি তালিকা পাঠায়। এর পর রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে এক জনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি নিয়োগ পাওয়া কাজী হাবিবুল আউয়াল কমিশন গত ৫ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে প্রায় সাড়ে তিন মাস নির্বাচন কমিশন শূন্য ছিল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular