ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅপরাধনোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ

নোয়াখালীতে যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. খোকন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি আগুনে পোড়ানো অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোলসংলগ্ন একটি ঝোপ থেকে স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত খোকন ওই এলাকার হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন খোকন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় শনিবার (৪ এপ্রিল) রাতে পরিবারের পক্ষ থেকে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোথাও খোকনকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করে পরে লাশ ঘটনাস্থলে ফেলে যায়। লাশের অবস্থা দেখে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে মনে করছেন তারা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “লাশটি পোড়ানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”

তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular