বিনোদন ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হয়েছে ২৬ ডিসেম্বর, সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস-নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে। এবারের বিপিএলকে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে উপস্থাপনা ও ধারাভাষ্যে এনেছে ভিন্নমাত্রার চমক।
উপস্থাপিকার ভূমিকায় রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস ও ভারতের পরিচিত স্পোর্টস অ্যাঙ্কর রিধিমা পাঠক। জানা গেছে, কয়েকটি ম্যাচে ধারাভাষ্যেও অংশ নিতে পারেন জয়নব আব্বাস।
নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশকে লাইভ শোতে ডেকে নেন জয়নব আব্বাস। নোয়াখালী এক্সপ্রেস নিয়ে একাধিক প্রশ্নের জবাব সাবলীলভাবেই দিচ্ছিলেন পলাশ। কিন্তু হঠাৎই জয়নব যখন ‘রোকেয়া’কে নিয়ে প্রশ্ন করেন, তখনই চমকে যান অভিনেতা।
বিস্ময় লুকাতে না পেরে পলাশ পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন, “ওহ মাই গড! তুমি রোকেয়ার বিষয়টা জানো?” জয়নব আব্বাস আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “হ্যাঁ, আমি জানি।” তখন পলাশ মজা করে বলেন, “ওহ আচ্ছা, রোকেয়া ভালো আছে। সে নোয়াখালীতে আছে। ইভা আমেরিকাতে আছে। আর আমি সিলেটে—নোয়াখালী এক্সপ্রেসের খেলা দেখছি।”



