কিশোরগঞ্জ প্র্রতিবেদক: রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে প্রকৃত কৃষকদের সুবিধা দিতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম।
৩ এপ্রিল কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান ও পাট বীজসহ সার বিতরণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সরকার কৃষকদের যে কৃষি সুবিধা দিচ্ছে তা রাজনৈতিকভাবে প্রভাবমুক্ত রাখতে হবে। যারা প্রকৃত কৃষক, তারাই যেন এ সহায়তা পান তা নিশ্চিত করতে হবে।
এখন দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে। অপ্রয়োজনীয় মজুতের কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেলেও সরকার অর্থনীতি সচল এবং দ্রব্যমূল্য নাগালে রাখতে সাধারণ মানুষের কথা চিন্তা করে এখনও দাম বাড়ায়নি, ভর্তুকি দিয়ে যাচ্ছে।
হামের প্রাদুর্ভাব নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, হামের বিস্তাররোধে সরকার ইতোমধ্যে টিকা আমদানি করছে। আগামী রবিবার থেকে দেশব্যাপী শিশুদের হামের টিকা প্রদানের কর্মসূচি নিয়েছে। আশা করি দ্রুতই এর নিয়ন্ত্রণ হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা ফরিদা বেগম।
উল্লেখ্য, চলতি মৌসুমে আউশ ধান ও পাট চাষ বৃদ্ধিতে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৩ হাজার ৭০০ কৃষককে এই সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮০০ কৃষককে জনপ্রতি ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। ১ হাজার ৯০০ কৃষককে ১ কেজি করে উন্নত তোষা পাটের বীজ দেওয়া হয়।




