নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষণা প্রকল্পের খামারে ১৪টি ‘দরপার’ ও ‘গাড়ল’ জাতের ভেড়া চুরি হয়েছে।
অধ্যাপক ফরিদা ইয়াসমিন বারি জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার মধ্যে মৎস্যবিজ্ঞান অনুষদের গেইটে অবস্থিত খামারে এ ঘটনা ঘটে। খামারে তখন কোনো প্রহরী ছিলেন না, ফলে নিরাপত্তাহীন ছিল।
তিনি জানান, এসব ভেড়া তিনটি প্রজনন এবং দুটি গবেষণা প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। ১৪টি ভেড়া চুরি গিয়ায় এখন মাত্র ২-৩টি অবশিষ্ট আছে, যা গবেষণার জন্য বড় ধাক্কা।
তিনি আরও উল্লেখ করেন, এর আগে এক রেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ২০টি ভেড়া মারা গিয়েছিল। ফরিদা জানান, বহু পরিশ্রমে গড়ে তোলা নিউক্লিয়ার স্লটে গবেষণা চলছিল। ২০১১ সাল থেকে এসব ভেড়া থেকে সিমেন সংগ্রহ করে শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিয়েছিল। চুরির ফলে শুধু তার গবেষণা নয়, স্নাতক থেকে পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিরাপত্তা কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, বুধবার বিকাল ৫টার পর দুই কর্মী খামার ত্যাগ করলে রাতে এটি সম্পূর্ণ ফাঁকা ছিল। বৃহস্পতিবার সকালে নিরাপত্তাকর্মীরা এসে দেখতে পান তালা ভাঙা এবং ভেড়াগুলো নেই।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ঘটনা গুরুত্বের সাথে নিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছে।
ঢাকানিউজ২৪/মহফ



