ঢাকা  শনিবার, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeজাতীয়ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড, পে-প্যাল চালুর উদ্যোগ সরকারের

ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড, পে-প্যাল চালুর উদ্যোগ সরকারের

নিউজ ডেস্ক: আগামী পাঁচ বছরে প্রশিক্ষণের মাধ্যমে এক হাজার নতুন ফ্রিল্যান্সার তৈরি এবং ২ লাখ ফ্রিল্যান্সারকে সরকার আইডি কার্ড দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একই সঙ্গে দেশে তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান বাড়াতে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পে-প্যাল’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নাটোর-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রধানমন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে পাঁচ বছরে এক হাজার ফ্রিল্যান্সার তৈরি করা হবে এবং দুই লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়া হবে। ইতোমধ্যে ৭ হাজার ৫০০ জনকে এ কার্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে ২০২৬ সালে ২ হাজার ৪০০ জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটির মতো উচ্চপ্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে আইটি প্রশিক্ষণ, ডিপ্লোমা কোর্স এবং বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোর কার্যক্রম জোরদার এবং দেশে পে-প্যাল চালুর লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দেশে আইটি খাতে কর্মসংস্থান উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular