নিজস্ব প্রতিবেদক, নাটোর : নাটোরের বড়াইগ্রামে সংগীত শেখার কথা বলে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ অভিযুক্তের এক সহযোগীকে গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্ত মিঠুন মোল্লা (২৬) উপজেলার মশিন্দা গ্রামের আক্কাস আলী মোল্লার ছেলে। এ ঘটনায় তাঁর ভাই খায়রুল ইসলামকে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী দীর্ঘদিন ধরে বনপাড়া পৌর এলাকায় ওই শিক্ষকের কাছে গান শিখছিল। বুধবার একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে তাকে মশিন্দা গ্রামে নিয়ে যাওয়া হয়।
পরে সন্ধ্যার দিকে মশিন্দা বাজার এলাকায় অভিযুক্তের দোকানের ভেতরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান।
স্থানীয়দের সহায়তায় পরে ভুক্তভোগীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় মামলা করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে কাজ চলছে।




