ঢাকা  বৃহস্পতিবার, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ; ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeলিডববির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অপসারণ

ববির উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষকে অপসারণ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিনকে অপসারণ করেছে সরকার। আজ মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশে তাঁকে উপাচার্য পদ থেকে অপসারণ করা হয়। একই সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মামুন অর রশিদকেও অপসারণ করা হয়েছে।

আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ড. শুচিতা শারমিনকে তাঁর আগের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়। এ ছাড়া উপ-উপাচার্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোষাধ্যক্ষকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের আগের কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

এদিকে উপাচার্যের পদত্যাগের পর আমরণ অনশন ভেঙেছেন ১২ শিক্ষার্থী। তিন শীর্ষ পদধারীকে অপসারণের খবরে রাতে ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন তারা।

সোমবার রাতে ঢাকায় অবস্থানরত অপসারিত উপাচার্য ফেসবুক লাইভে এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার চেষ্টা করেন। এ সময় শিক্ষার্থীরা তাঁকে প্রশ্নবাণে জর্জরিত করেন। বিশেষ করে ছাত্রদের বিরুদ্ধে মামলা এবং ক্যান্সারে আক্রান্ত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সম্মান শেষ বর্ষের ছাত্রী জেবুন্নেছা জিমি আবেদন করার পরও অর্থ সাহায্য না পাওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। ওই ছাত্রী কিছুদিন আগে মারা গেছেন। পরে উপাচার্যের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে রাত ১২টার দিকে আন্দোলনকারী ১২ শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন।

এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বিকেল ৫টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাস-সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। কুয়াকাটাসহ পটুয়াখালী, বরগুনা ও ভোলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগের একমাত্র মাধ্যম এই মহাসড়ক। অবরোধের ফলে দুই প্রান্তে গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম মোশাররফ হোসেন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিলাম। দাবি মেনে নিতে সোমবার ২৪ ঘণ্টার আলটিমেটাম দেই। কিন্তু ভিসি বহাল থাকার জন্য বিভিন্ন অপতৎপরতা চালান। তা রুখে দিতে সোমবার মধ্যরাতে আমাদের ভাইয়েরা আমরণ অনশন শুরু করেন।’

গত ২৩ সেপ্টেম্বর উপাচার্য পদে যোগদান করেন অধ্যাপক ড. শুচিতা শারমিন। উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে বিরোধের জেরে এ পদে আট মাসও টিকতে পারলেন না তিনি।
গত ২২ এপ্রিল চার দফা দাবিতে আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। তাদের সেসব দাবি পূরণ না হওয়ায় ৪ মে তারা উপাচার্যের পদত্যাগের এক দফা আন্দোলনে নামেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular