নিউজ ডেস্ক : বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটকে থাকা বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টি তিনি উত্থাপন করেছেন। তিনি ও আনোয়ার ইব্রাহিম দুই দেশেই শ্রমিক নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী রাখার ওপর একমত হয়েছেন, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং অভিবাসন ব্যয় হ্রাস পায়।
তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রথম দিককার শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানান এবং বলেন, দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর। ১৯৭৯ সালে জিয়াউর রহমানের মালয়েশিয়া সফর এবং ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়ার সফরের কথাও তিনি স্মরণ করেন, যেগুলো দুই দেশের সম্পর্ক জোরদারে ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করেন তিনি।-
দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশ–মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি, আইসিটি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াজাতকরণ, শিক্ষা, সেমিকন্ডাক্টর ও ডিজিটাল অর্থনীতি নিয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়ও উঠে আসে। বৈঠক শেষে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি বিনিময় হয়।




