ঢাকা  শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ          সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeখেলাবাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচক কমিটিতে ‘সার্জারি’ চান আফ্রিদি

বাংলাদেশের কাছে সিরিজ হারের পর নির্বাচক কমিটিতে ‘সার্জারি’ চান আফ্রিদি

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশের কাছে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর পাকিস্তান দলের নির্বাচকদের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তার মতে, কোন সংস্করণে কে অধিনায়ক হবেন কিংবা দলে কাদের রাখা উচিত—এসব বিষয়ে নির্বাচকদের স্পষ্ট কোনো পরিকল্পনা নেই।

এবারের বাংলাদেশ সফরে পাকিস্তান দল এসেছে বেশ কিছু নতুন মুখ নিয়ে। তিন ম্যাচের এই সিরিজে অভিষেক হয়েছে ছয়জন ক্রিকেটারের। তবে এত পরিবর্তনেও কাঙ্ক্ষিত ফল মেলেনি; শেষ পর্যন্ত সিরিজ হারতে হয়েছে পাকিস্তানকে।

বিশ্বকাপের পর ‘সার্জারি’ বা বড় পরিবর্তনের মাধ্যমে ভাগ্য বদলানোর পরিকল্পনাও তাতে ধাক্কা খেয়েছে। তবে আফ্রিদি দলের বদলে নির্বাচক কমিটিতেই ‘সার্জারি’ করার দাবি জানিয়েছেন। তাঁর মতে, দলের মৌলিক বিষয় নিয়েই যখন পরিষ্কার ধারণা নেই, তখন নির্বাচক কমিটিকে নতুন করে গঠন করা উচিত।

আকিব জাভেদ, মিসাবহ–উল–হক, সরফরাজ আহমেদ ও আসাদ শফিককে নিয়ে গড়া নির্বাচক কমিটির সমালোচনা করে নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করা এক ভিডিওতে আফ্রিদি বলেন, ‘বিশ্বকাপের পারফরম্যান্স আপনারা দেখেছেন। এরপর বাংলাদেশের বিপক্ষে আমরা ২–১ ব্যবধানে সিরিজ হেরেছি। আমার মতে, নির্বাচক কমিটি নিয়েই আফসোস করা উচিত। এর পেছনে কারণও আছে। নির্বাচক কমিটিতে যারা আছেন তারা অনেক ক্রিকেট খেলেছেন, কিন্তু কার কোন ফরম্যাটে অধিনায়ক হওয়া উচিত, সেই ধারণা আপনাদের নেই। আপনারা না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেন। সার্জারির নামে অল্প কিছু প্রথম শ্রেণীর ম্যাচ খেলা নতুন খেলোয়াড়দের দলে ঢুকিয়ে দেন।’

এ সময় সিনিয়রদের দলে না রাখার সমালোচনা করে আফ্রিদি আরও বলেন, ‘আপনার ঘরোয়া ক্রিকেট এতটা মানসম্পন্ন নয় যে সেখান থেকে নিয়মিত ভালো ক্রিকেটার উঠে আসবে এবং পাকিস্তান দলে জায়গা করে নেবে। যেসব সিনিয়র টি–টোয়েন্টিতে ভালো না করলেও ওয়ানডেতে ভালো পারফরম্যান্স আছে, তাদের দলে রাখা উচিত ছিল। সার্জারির নামে সিনিয়রদের বসিয়ে দিয়েছেন, বদলে অল্প কিছু প্রথম শ্রেণীর ম্যাচ খেলা তরুণদের নিয়ে এসেছেন। একের পর এক খেলোয়াড়কে অভিষেক করানোকে সার্জারি বলা যায় না। বরং নির্বাচক কমিটিরই সার্জারি করা উচিত।’

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular