নিউজ ডেস্ক: ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পাওয়ার পর বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিনিয়োগের দুর্বলতা, মূল্যস্ফীতি, কর্মসংস্থান সংকট ও ব্যাংকিং খাতের সমস্যা মোকাবিলায় সংস্কারের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাড়ানোকে গুরুত্ব দিচ্ছে সরকার।
বুধবার (২১ অক্টোবর) রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেন, অর্থনৈতিক চাপের কারণে নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সবচেয়ে বেশি ভুগছেন। বিশেষ করে বেসরকারি বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থান সংকট আরও প্রকট হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত ও জ্বালানির মূল্যবৃদ্ধিও অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে।
সাম্প্রতিক আন্তর্জাতিক পূর্বাভাসেও উদ্বেগের চিত্র উঠে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ২০২৬–২৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৩.২ শতাংশে নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে। একই সময়ে গড় মূল্যস্ফীতি ১০.৯ শতাংশ হতে পারে। বিশ্বব্যাংক প্রবৃদ্ধি ৩.৪ এবং এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে।
এ পরিস্থিতিতে বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৬ থেকে ২৯ অক্টোবরের জাপান সফরকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। তাদের মতে, ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (EPA) দ্রুত বাস্তবায়ন এবং জাপানের ‘চায়না প্লাস ওয়ান’ কৌশলের সুযোগ কাজে লাগিয়ে নতুন বিনিয়োগ আকর্ষণ করা প্রয়োজন।
জাপানের টয়োটা, মিৎসুই ও মারুবেনির মতো বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সম্প্রতি বাংলাদেশ সফর করে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় বাণিজ্যও ২০২৪–২৫ অর্থবছরে ৩.৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। জাপান বর্তমানে বাংলাদেশের নবম বৃহত্তম রপ্তানি বাজার এবং এশিয়ায় দ্বিতীয় বৃহত্তম।
অর্থনীতির আরেক গুরুত্বপূর্ণ ক্ষেত্র ব্যাংকিং খাতেও সংস্কার চলছে। সরকার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী নিয়োগের নীতিমালা সংশোধন করেছে। নতুন নিয়মে বিশেষ দক্ষতা, পেশাগত যোগ্যতা, নেতৃত্বের সক্ষমতা ও সুনামসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে এমডির ঠিক নিচের পদে দুই বছরের অভিজ্ঞতার শর্ত শিথিল করা যাবে। তবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতার মূল শর্ত বহাল রয়েছে।-
সংশোধিত নীতিমালা সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ও বেসিক ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য। সংশ্লিষ্টদের মতে, দক্ষ নেতৃত্ব, ব্যাংকিং খাতে শৃঙ্খলা, বিনিয়োগবান্ধব নীতি, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাঠামোগত সংস্কারই অর্থনীতির গতি ফেরানোর মূল চাবিকাঠি।