নিজস্ব প্রতিবেদক : আপসহীন নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বিএনপি মিডিয়া সেল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
বেগম খালেদা জিয়া’র মৃত্যুর খবর নিশ্চিত করেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন। সর্বশেষ অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর পাশে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তাঁর জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এছাড়া হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সকল সদস্য ও সংশ্লিষ্ট চিকিৎসকবৃন্দ।
বিএনপি সূত্র জানায়, মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি ও অন্যান্য কর্মসূচি পরবর্তীতে জানানো হবে।
একাধিকবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নাম। তাঁর মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীকে হারাল।



