নিউজ ডেস্ক: আগামী ১ নভেম্বর পুরাতন হাইকোর্ট ভবনে বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ড. আসিফ নজরুল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে হত্যা-গণহত্যার ঘটনার বিচার করতে আমরা বদ্ধপরিকর। এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার কাজ দ্রুত গতিতে চলছে। আশা করছি, আগামী ১ নভেম্বর থেকে মূল ভবনে বিচারকাজ পরিচালনা করা যাবে। তিনি আরও বলেন, ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচারের ক্ষেত্রে সুবিচার নিশ্চিত করা হবে।
মঙ্গলবার বিচারপতিদের সঙ্গে বৈঠক শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা-গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে। তিনি বলেন, আগামীকাল (বুধবার) ট্রাইব্যুনালের এজলাস কক্ষে বিচারপতিদের সংবর্ধনা দেওয়া হবে। এরপর বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এজলাসে বসবেন। সেদিন থেকে বিচারকাজ শুরু হবে।
নিয়োগের পর প্রথম কর্মদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার ও দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী।
ঢাকা নিউজ/ এস



