ঢাকা  , ;           সরকারি নিবন্ধন নং ৬৮

spot_img
Homeঅর্থনীতিব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা

ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় ৬ লাখ কোটি টাকা

নিউজ ডেস্ক: দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই এখন খেলাপি।

গত পাঁচ বছরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২২ সালে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১৭ শতাংশে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে খেলাপি ঋণের হার বেড়েছে চার গুণেরও বেশি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। ওই বছর মোট বিতরণ করা ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার ছিল ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে।

এরপর খেলাপি ঋণের পরিস্থিতির আরও অবনতি ঘটে। ২০২৪ সালে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা। সে বছর খেলাপি ঋণের হার ছিল ১৭ দশমিক ৮৩ শতাংশ।

২০২৫ সালে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ বেড়ে ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকায় পৌঁছায়। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা। মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ ছিল খেলাপি।

সর্বশেষ ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর বিপরীতে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। অর্থাৎ মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই খেলাপি।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পদের বিবরণ অনুসন্ধানে কাজ করছে।

এ কার্যক্রমে আইন ও বিচার বিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন সংস্থা যুক্ত রয়েছে।

খেলাপি ঋণ আদায়ের কর্মপরিকল্পনা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি প্রতিরোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

আরো খবর
Continue to the category
- Advertisment -spot_img

Most Popular