বুদ্ধিদীপ্ততা পরিচালনা: ভবিষ্যত পর্যটনের একটি জ্ঞান-শাসন মডেল
|| মোখলেছুর রহমান ||
ভূমিকা
বিশ্ব আজ দ্রুতগতির ডিজিটাল রূপান্তর ও অস্থির বৈশ্বিক চ্যালেঞ্জের যুগে প্রবেশ করেছে। এই প্রেক্ষাপটে পর্যটন খাত তার চূড়ান্ত সাফল্য ও টেকসই অবস্থা এখন নির্ভর করছে একটি অদৃশ্য, অথচ অত্যন্ত শক্তিশালী সম্পদ- জ্ঞান এর উপর। পর্যটন গতানুগতিক কার্যক্রম নয়; এটি একটি জটিল, গতিশীল ইকোসিস্টেম যেখানে সরকার, স্থানীয় সম্প্রদায়, হোটেল-রেস্তোরাঁ, ট্যুর অপারেটর, পরিবহন সংস্থা, প্রযুক্তি প্রতিষ্ঠান ও পর্যটক নিজেরা পরস্পর সংযুক্ত। এই বিচিত্র ও বিস্তৃত ইকোসিস্টেমে প্রতিটি স্তরে উৎপন্ন হচ্ছে বিপুল পরিমাণ ডেটা, তথ্য ও অন্তর্দৃষ্টি। সমস্যা হলো এই জ্ঞান প্রায়শই বিচ্ছিন্ন, অব্যবস্থিত ও অপ্রকাশিত থেকে যায়। বুদ্ধিদীপ্ততা পরিচালনা ভবিষ্যতের পর্যটনের জন্য একটি জ্ঞান-শাসন ধারণা এখানে তাৎপর্য পায়। এটি কেবল তথ্য সংগ্রহ এবং সামগ্রিক পর্যটন ইকোসিস্টেমের সকল স্টেকহোল্ডারের মধ্যে উৎপন্ন জ্ঞানকে সনাক্তকরণ, সংগঠন, বিনিময় ও কৌশলগতভাবে ব্যবহারের একটি সুশাসিত কাঠামো প্রস্তাব করে।
জ্ঞান-শাসন কেন প্রয়োজন? প্রচলিত পদ্ধতির সীমাবদ্ধতা পর্যটনে জ্ঞান নানারূপে বিরাজ করে। স্থানীয় সম্প্রদায়ের হাজার বছরের সাংস্কৃতিক জ্ঞান, পরিবেশবান্ধব পদ্ধতির জ্ঞান, বাজার সম্পর্কে অংশীজনদের ব্যবহারিক জ্ঞান, পর্যটকের রিভিউ ও ফিডব্যাক থেকে পাওয়া জ্ঞান, সরকারি নীতিনির্ধারণীদের গবেষণালব্ধ জ্ঞান, এবং সেন্সর ও ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে পাওয়া রিয়েল-টাইম ডেটা। কিন্তু প্রচলিত ব্যবস্থায় এই জ্ঞান প্রতিটি প্রতিষ্ঠান বা গোষ্ঠী নিজস্ব জ্ঞান নিজের মধ্যে আটকে রাখে। ফলে অসংগঠিত অনেক মূল্যবান জ্ঞান কোনো কাঠামো অবস্থাপর বাইরেই থেকে যায়।
আবার কৌশলগত ব্যবহার-বহির্ভূত উপলব্ধ তথ্য দৈনন্দিন কাজে ব্যবহার হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নীতি প্রণয়ন বা নেতৃস্থানীয় সিদ্ধান্ত গ্রহণে তার ব্যবহার সীমিতই রয়ে গেছে।
ফলস্বরূপ, আমরা দেখি পুনরাবৃত্তিমূলক ভুল, সম্প্রদায়ের প্রতি সংবেদনশীল নয় এমন উন্নয়ন, পরিবেশগত ক্ষতি, বাজার চাহিদা বুঝতে ব্যর্থতা এবং সংকট মোকাবিলায় সমন্বয়হীনতা। জ্ঞান-শাসন মডেল এইসব সীমাবদ্ধতা দূর করে জ্ঞানকে একটি সহযোগিতামূলক সম্পদে রূপান্তর করতে পারে।
মডেলের স্তম্ভ: বুদ্ধিদীপ্ততা কীভাবে পরিচালিত হবে
এই প্রস্তাবিত জ্ঞান-শাসন মডেলের কাঠামো চারটি প্রাথমিক স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকবে:
১. জ্ঞান সৃজন ও সনাক্তকরণ: প্রথম ধাপ হলো জ্ঞানের বিভিন্ন উৎসকে চিহ্নিত করা এবং নতুন জ্ঞান সৃজনকে উৎসাহিত করা। এতে অন্তর্ভুক্ত থাকবে:
ক) প্রথাগত ও স্থানীয় জ্ঞানের ডিজিটাল আর্কাইভ তৈরি – স্থানীয় ইতিহাস, লোকশিল্প, ঐতিহ্যবাহী পরিবেশ-সংরক্ষণ পদ্ধতি, স্থানীয় রন্ধনপ্রণালী ইত্যাদিকে রেকর্ড ও মান্যতা দেওয়া।
খ) ডেটা সংগ্রহ পদ্ধতি প্রমিতকরণ – পর্যটক আগমন, ব্যয়, পছন্দ-অপছন্দ এবং সামাজিক-পরিবেশগত প্রভাব সম্পর্কিত ডেটা সংগ্রহে সরকার, গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যে সমন্বয় সাধন।
গ) প্ল্যাটফর্ম-ভিত্তিক জ্ঞান সংগ্রহ – পর্যটকদের কাছ থেকে ফিডব্যাক, রিভিউ এবং অভিজ্ঞতা সংগ্রহে উদ্ভাবনী পদ্ধতি তৈরি।
২. জ্ঞান সংগঠন ও সংরক্ষণ: সংগ্রহীত কাঁচা ডেটা ও জ্ঞানকে কার্যকর তথ্য ও বোধগম্য অন্তর্দৃষ্টিতে রূপান্তর করা। এখানে প্রযুক্তি মুখ্য ভূমিকা পালন করবে। কেন্দ্রীয় জ্ঞান ভাণ্ডারে একটি নিরাপদ, ক্লাউড-ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি, যেখানে বিভিন্ন ধরনের জ্ঞান (ডেটাসেট, কেস স্টাডি, গবেষণাপত্র, ভিডিও ডকুমেন্টারি, নীতিদলিল) শ্রেণীবদ্ধ ও সংরক্ষিত হবে।
৩. জ্ঞান বণ্টন ও বিনিময় (উরংঃৎরনঁঃরড়হ ্ ঊীপযধহমব): এটিই মডেলের প্রাণ। সংরক্ষিত জ্ঞান সকল অংশীদারের কাছে পৌঁছে দিতে হবে। বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন ইন্টারফেস তৈরির মাধ্যমে একটি নীতিনির্ধারক, একজন স্থানীয় গাইড, একটি হোটেল মালিক এবং একজন পর্যটকের তথ্যের প্রয়োজনীয়তা ভিন্ন। মূল ভাণ্ডার থেকে তৈরি হবে বিভিন্ন পোর্টাল ও অ্যাপ। জ্ঞান-সাধক তৈরির মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা বিভিন্ন গ্রুপের মধ্যে (যেমন গবেষণা প্রতিষ্ঠান ও শিল্পখাত) জ্ঞান বিনিময়ের সেতুবন্ধন তৈরির ব্যবস্থা করা।
৪. জ্ঞান প্রয়োগ ও মূল্যায়ন: জ্ঞান-শাসনের চূড়ান্ত লক্ষ্য হলো বাস্তব-বিশ্বে ইতিবাচক পরিবর্তন আনা। গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে টেকসই পর্যটন নীতি, মরসুমি ব্যবস্থাপনা কৌশল ও বিপদাপদ মোকাবিলার পরিকল্পনা তৈরি। এতে উদ্যোক্তারা বাজার প্রবণতা, পর্যটক আচরণ বিশ্লেষণ করে নতুন পণ্য ও বিপণন কৌশল তৈরি করতে পারবেন।
এই মডেল সফল হতে হলে কতকগুলি সুশাসন নীতি মেনে চলতে হবে:
ক) সমষ্টিগত মালিকানা ও নেতৃত্ব: মডেলটি কোনো একক সরকারি সংস্থা বা বড় কর্পোরেশনের নিয়ন্ত্রণে থাকবে না। একটি বহু-স্তকীয় কমিটি (সরকার, শিল্প, সম্প্রদায়, একাডেমিয়া) এর তত্ত্বাবধান করবে।
খ) উন্মুক্ততা ও প্রবেশাধিকার: প্রাসঙ্গিক তথ্য উন্মুক্ত ডেটা নীতির আওতায় সবাইর জন্য সহজলভ্য হবে, তবে ব্যক্তিগত গোপনীয়তা ও বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকার রক্ষা করা হবে।
গ) সমতা ও অন্তর্ভুক্তি: স্থানীয় সম্প্রদায়, ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক গোষ্ঠীগুলোর জ্ঞানকে সমান গুরুত্ব ও মর্যাদা দিতে হবে। তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ঘ) নৈতিকতা ও দায়বদ্ধতা: ডেটা সংগ্রহ ও ব্যবহার হবে স্বচ্ছ ও নৈতিক। বিশেষ করে স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কিত সংবেদনশীল জ্ঞানের ব্যবহারে বিশেষ সতর্কতা প্রয়োজন।
ঙ) নমনীয়তা ও অভিযোজনক্ষমতা: মডেলটিকে গতিশীল রাখতে হবে, যাতে নতুন প্রযুক্তি, নতুন চ্যালেঞ্জ ও পরিবর্তিত পরিস্থিতির সাথে এটি খাপ খাইয়ে নিতে পারে।
বাংলাদেশের প্রেক্ষাপট: সম্ভাবনা ও পথ
বাংলাদেশের পর্যটনের জন্য এই মডেল অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের রয়েছে অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও স্নেহপরায়ণ মানুষের আতিথেয়তা। কিন্তু টেকসই ও লাভজনক পর্যটন বিকাশে আমরা পিছিয়ে। একটি জাতীয় জ্ঞান-শাসন মডেল এই পরিস্থিতি বদলে দিতে পারে:
– সুন্দরবন বা পাহাড়ি এলাকার টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণার সমন্বয় ঘটিয়ে।
– হস্তশিল্প ও স্থানীয় পণ্যের বিপণনে বাজার সম্পর্কিত জ্ঞান ছোট খাতে পৌঁছে দিয়ে।
– অপ্রচলিত পর্যটন স্থানগুলোর উন্নয়নে সঠিক তথ্য-ভিত্তিক পরিকল্পনা করে।
– দুর্যোগ বা মহামারি পরবর্তী পুনরুদ্ধারে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে।
উপসংহার
বুদ্ধিদীপ্ততা পরিচালনা কেবল একটি তাত্ত্বিক ধারণা নয়। এটি ভবিষ্যতের প্রতিযোগিতামূলক, টেকসই ও সমতামূলক পর্যটন গড়ে তোলার জন্য এটি একটি অপরিহার্য রোডম্যাপ। এটি স্বীকার করে নেয় যে একবিংশ শতাব্দীর পর্যটনের মূল মূলধন হলো তার সমষ্টিগত বুদ্ধিমত্তা। ডেটা, তথ্য ও অভিজ্ঞতাকে একটি সুশাসিত, সমন্বিত ও নৈতিক কাঠামোর মাধ্যমে পরিচালনা করেই আমরা এমন একটি পর্যটন ইকোসিস্টেম তৈরি করতে পারি যা শুধু অর্থই উপার্জন করবে না, সম্প্রদায়কে ক্ষমতায়িত করবে, সংস্কৃতি সংরক্ষণ করবে এবং পরিবেশ রক্ষা করবে। এটাই হবে আগামী দিনের পর্যটনের প্রকৃত ভিত্তি।




