দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে হাফিজুর রহমান পেয়ারা স্মৃতি ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার আলিফ সোয়াইব স্কোয়াড ভলিবল দল এবং রানার্স আপ হয়েছে চিরিরবন্দর উপজেলার সুমন একাদশ ভলিবল দল।
বুধবার সকাল থেকে গোড়-এ-শহীদ বড় মাঠের স্পোর্টস ভিলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এই টুর্নামেন্টে দিনাজপুরসহ আশেপাশের জেলা থেকে মোট আটটি দল অংশগ্রহন করে। বিকেলে চুড়ান্ত পর্বে ২-১ সেটের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে আলিফ সোয়াইব স্কোয়াড দল। দিনাজপুরের মিম ভলিবল একাডেমীর আয়োজনে ও ক্যানভাস কোচিং সেন্টারের সহযোগিতায় এই টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় ভলিবল দলের সাবেক খেলোয়াড় মো. আরফিন। এ সময় উপস্থিত ছিলেন ভলিবল জেলা দলের সাবেক খেলোয়াড় মো. ইকবাল হোসেন, মোহাম্মদ সাজু, আমের আলীসহ জেলার সাবেক খেলোয়াড়বৃন্দ ।
মিম ভলিবল একাডেমীর প্রধান কোচ ও টুর্নামেন্টের আয়োজক মামুনুর রশিদ মিম বলেন, ‘দিনাজপুর একটা সময় ভলিবলে খুবই জনপ্রিয় ছিলো। ক্লাব ভিত্তিক টুর্নামেন্টের আয়োজনও হতো। এখানকার অনেক খেলোয়াড় জাতীয় দলেও খেলেছেন। বিগত এক দশকে ভলিবলে কিছুটা ভাটা পড়েছে। স্থানীয় খেলোয়াড়দের মধ্যে খেলাধুলার সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে আজকের এই আয়োজন। আমাদেরই সাবেক খেলোয়াড় প্রয়াত ক্রীড়া সংগঠক হাফিজুর রহমান পেয়ারার স্মৃতির উদ্দেশ্যে এই আয়োজন।
প্রয়াত হাফিজুর রহমান পেয়ারা ছিলেন দিনাজপুর জেলা ভলিবল দলের সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক। পৌরসভার সাবেক কাউন্সিলরও ছিলেন। তিনি ২০২১ সালে শারীরিক অসুস্থতাজনিত কারনে মৃত্যু বরন করেছেন।



