নজরুল ইসলাম খায়রুল, নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মানিক মিয়া (৪৫) নামে কাতার প্রবাসী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে ভৈরব উপজেলা সদরের দড়ি চন্ডিবের এলাকার একটি বিল থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত মানিক মিয়া (৪৫) উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বড় রাজাকাটা গ্রামের মো. কাদির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) দুপুরে ভৈরব উপজেলা সদরের দড়ি চন্ডিবের এলাকার শামসু মিয়ার বাড়ির পেছনে একটি বিলে মানিক মিয়া (৪৫) নামে এক যুবকের লাশ ভাসছিল। লাশটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন ভৈরব থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। লাশটির পকেটে মোবাইলফোন ও কাতারের একটি কার্ড পাওয়া যায়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



