আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে তিনি জানিয়েছেন, গাজা যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আব্বাস জানান, তিনি আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে একটি ন্যায়সংগত ও সর্বাত্মক শান্তি অর্জনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
চলতি সপ্তাহে কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ট্রাম্প। এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন আব্বাস। হোয়াইট হাউজে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন।
জবাবে আব্বাসকে ট্রাম্প জানান, তিনিও যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।
গাজা যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নেই। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার।



