নিজস্ব প্রতিবেদক : ঢাকার মোহাম্মদপুরে বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বস্তির কয়েকটি টিনশেড ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকার একটি বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ১ ঘন্টার ষ চেষ্টার পর দুপুর ২টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরে বেড়িবাঁধ চাঁদ উদ্যান এলাকায় কয়েকটি টিনের ঘরে আগুন লাগার সংবাদ পাওয়ার পর মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।




